চট্টগ্রামে থানায় আত্মসমর্পণের ১২ ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ বেলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং চারটি রামদা উদ্ধার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, জমি দখল, চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। বেলাল আমবাগান রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, বুধবার দুপুরে বেলাল থানায় এসে আত্মসমর্পণ করেন। তার তথ্যের ভিত্তিতে রাতে তাকে নগরীর জালালাবাদ পাহাড়ে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় বেলালের সহযোগীরা অস্ত্রের মুখে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে বেলালের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেলালকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।