ভোলায় সুপারি চুরির অপরাধে গলায় শিকল বেঁধে তালা দিয়ে মধ্যযুগীয় কায়দায় আলাউদ্দিন (১৪) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ঐ কিশোরকে উদ্ধার ও একজনকে আটক করে।
স্থানীয়রা জানান, ঐ গ্রামের জনৈক মোসলেহ উদ্দিনের বাগান থেকে দুই ছড়া সুপারি চুরির দায়ে আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর মোসলেহ উদ্দিনের ছেলে ও স্থানীয় কয়েকজন মিলে একটি নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে গলায় শিকল পরিয়ে আলাউদ্দিনের ওপর নির্যাতন চালায়। আলাউদ্দিনের চিত্কার শুনে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ঐ কিশোরকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারীরা পালিয়ে যায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার শীল জানান, সুপারি চুরি করায় কিশোরকে বেঁধে নির্যাতনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আলাউদ্দিনকে উদ্ধার করি। এ সময় নির্যাতনকারীদের না পেয়ে ঐ বাড়ির গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এ ঘটনায় আলাউদ্দিনের চাচা ইসমাইল থানায় মামলা করেছেন। আটক ফাতেমা বেগমকে আদালতে সোপর্দ ও আলাউদ্দিনকে অভিভাবকের কাছে দেওয়া হয়েছে।