কুশিয়ারায় জেলেদের জালে আড়াই মণ ওজনের বাঘাইড় মাছ

সিলেটের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় আড়াই মণ ওজনের বাঘাইড় মাছ। বুধবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারার উত্পত্তিস্থল বরাক নদীর মোহনা থেকে মাছটি ধরা পড়ে। মাছটি সন্ধ্যায় সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য আনা হলে তা দেখতে জনতা ভিড় জমায়। উত্সুক জনতার অনেকেই মাছের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে বিশালাকার এই মাছটির ছবিও পোস্ট করা হয়েছে। লালবাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় জেলেরা আড়াই মণ ওজনের বাঘাইড়টি নিয়ে আসেন। এত বিশালাকারের মাছ স্থানীয়দের অনেকেই এর আগে কখনো দেখেননি। প্রথমে এ মাছের দাম ৪ লাখ টাকা হাঁকা হলে এত দামে তা কেউ কিনতে রাজি হননি। পরে মাছটিকে কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য মাইকিং করা হয়।