ফুটপাতে বাসের চাপায় এক নারীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাসের ধাক্কায় ফুটপাতে পড়ে মাথা ফেটে মারা গেলেন আরেক কর্মজীবী নারী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালীর আমতলীতে ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহা নাজ (২৮) মহাখালীর রাইসকো নামে একটি বীজ বিক্রয় ও বিপণন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার স্বামীর নাম নাজমুল হাসান। এ ঘটনায় ক্যান্টনমেন্ট বাস সার্ভিসের ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনার দুই ঘণ্টার পর উত্তরার ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় একটি বাসে উঠতে গিয়ে পিছন থেকে আরেকটি বাসের ধাক্কায় কণ্ঠশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক পারভেজ রব (৫৫) নিহত হয়েছেন।
মহাখালীতে নিহত নারী কর্মকর্তার দেবর আনিসুর রহমান আবির জানান, তার বড়ো ভাই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা। সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে মোটরসাইকেলে রওনা দেন। সকাল ৯টার দিকে মহাখালীর আমতলীতে ফ্লাইওভারের নিচে রাস্তার একপাশে ভাবিকে নামিয়ে দিয়ে বড়োভাই মোটরসাইকেলে খিলক্ষেতের অফিসের উদ্দেশ্যে রওনা দেন। ফারহা নাজ রাস্তা পাড় হয়ে ফ্লাইওভারের নিচে ফুটপাতে উঠছিলেন। ঠিক তখনই বনানীর দিক থেকে দ্রুতগতিতে আসা বাসটি ফ্লাইওভারের নিচে ইউটার্ন নেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির বাসটি ধাক্কা দেয় বিদ্যুতের একটি খুঁটিতে। এতে পাশে থাকা ফারহা নাজ পড়ে যান সড়কের ওপর। তার মাথা ফেটে ঝরতে থাকে রক্ত। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু তখন আর দেহে প্রাণ ছিল না ফারহার। মাত্র ২৮ বছর বয়সেই তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। এ সময় আরো এক জন যুবক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফারহা নাজের মামা শফিকুল ইসলাম বলেন, চার বছর আগে নাজমুল হাসানের সঙ্গে ফারহার বিয়ে হয়। তাদের ১৩ মাস বয়সের তাহরিন হাসান ইশরা নামের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। পশ্চিম কাজীপাড়ার মাইকওয়ালা মসজিদ সংলগ্ন পাঁচতলা বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের বথুলি এলাকায়।
ডিএমপির ট্রাফিক উত্তরের মহাখালী জোনের সহকারী কমিশনার সুবীর রঞ্জন দাশ বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনার পর নিহত ফারহা নাজের পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসের ধাক্কায় সংগীত পরিচালকের মৃত্যু : তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন জানান, পারভেজ রব উত্তরায় থাকেন। গতকাল সকাল ১১টার দিকে তুরাগের ইস্টওয়েস্ট হাসপাতালের সামনে বাসে ওঠার সময় আরেকটি বাস সংগীত পরিচালক পারভেজ রবকে চাপা দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পারভেজ রবকে চাপা দেওয়া ভিক্টর ক্লাসিক পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২-০৯৬৩) বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ঐ বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আলী আশরাফ আকন্দ জানান, পারভেজ রবের লাশ হিমঘরে রাখা হয়েছে। তার ছেলে মালয়েশিয়া থেকে আসার পর শনিবার তাকে স্বামীবাগ কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে। প্রখ্যাত কণ্ঠশিল্পী আপেল মাহমুদের চাচাতো ভাই পারভেজ বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ৭৫টি ছবির সংগীত পরিচালনা করেছেন বলে জানা গেছে।