সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামি কবিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের অদূরে বাইপাস সড়কের ধারে কুচপুকুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত কবিরুল ইসলাম (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, কবিরুল একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে মাদক কারবার নিয়ে বিরোধের জের ধরে দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে তার কাছে খবর আসে যে, বাইপাস সড়কের ধারে কুচপুকুর এলাকায় দুই দল মাদকব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে কবিরুল ইসলাম বলে শনাক্ত করেন। তিনি আরো জানান, কবিরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। নিহত কবিরুলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।