সিআইডি পুলিশ পরিচয়ে অবৈধ পলিথিন ছিনতাইয়ের অভিযোগে বরিশাল নগরীতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ দুজনকে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ছিনতাই হওয়া প্রায় ৫ লাখ টাকা মূল্যের পলিথিন উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুজন হচ্ছেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশপুর এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিন ও পলিথিনবহনকারী অটোরিকশা চালক আক্কাস হোসেন। এ সময় শিপন নামক অপর এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে।
আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সবুর খান জানান, অজ্ঞাতরা নিষিদ্ধ পাঁচ বস্তা পলিথিন ঢাকা থেকে আসা একটি বাসে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আনে। সেখান থেকে একটি ইজিবাইকে ওই পলিথিন নগরীর নতুন বাজার এলাকায় আনা হয়। নতুন বাজারে পৌঁছালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিপন নামের ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে পলিথিন বোঝাই ইজিবাইকটি আমানতগঞ্জ নির্জন এলাকায় নিয়ে যায়।