সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কেবল ব্যাংক আর শেয়ারবাজার নয়, ব্যাপক দুর্নীতি চলছে সরকারের সব প্রকল্প এবং প্রতিষ্ঠানজুড়ে। চারদিকে ‘লুটেপুটে খাই’ পরিস্থিতি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ব্যাপারে একচোখা ভূমিকা পালন করছে। আমরা মনে করি দুদকের হাত-পা শাসক দলের কাছে বাঁধা। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের একজন মন্ত্রীই বলেছিলেন, সহনীয় মাত্রায় ঘুষ খেতে। সুতরাং বোঝাই যাচ্ছে, দুর্নীতি এখন মহামারি রূপ ধারণ করেছে। দেশের আর্থিক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকগুলো তারল্য সংকটে ধুকছে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে শোকে দুঃখে কৃষক ধান পুড়িয়ে দেয়, কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে মানুষ চামড়া মাটির নিচে পুঁতে রাখে অথচ দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে চলছে হরিলুট।
খালেদার মুক্তি চেয়ে
রিজভীর পোস্টার
এদিকে বুধবার গভীর রাত পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগিয়েছেন রিজভী। রিজভী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত উত্তরার অলিগলি ঘুরে দেয়ালে দেয়ালে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা পোস্টার লাগান। এই প্রসঙ্গে রিজভী গতকাল সাংবাদিকদের বলেন, দেশে রাজনীতি করার সুযোগ সীমিত। পোস্টারও আন্দোলনের একটি হাতিয়ার।