প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের সাফল্য কল্পনাতীত। এ দেশের উন্নয়ন অন্যদের জন্য বড়ো উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটি অসম্ভবকে সম্ভব করার দেশ। চেষ্টা করলে সাফল্য আসবেই। এখন বিদ্যুত্ ও জ্বালানিসহ সব খাতে প্রশিক্ষিত জনবল নিশ্চিত করতে হবে। তাহলে টেকসই উন্নয়নের পথ আরো গতিময় হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে উপদেষ্টা এ কথা বলেন। মুজিব বর্ষ (২০২০-২০২২) উপলক্ষ্যে সারাদেশে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বিদ্যুত্ বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, কর্মীদেরকে বিশেষ বিষয়ের ওপর প্রশিক্ষিত করার পাশাপাশি উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে হবে। সমাজের অনেক বড়ো সমস্যাও ছোটো ছোটো উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দূর করা যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের আনাচে-কানাচে শিক্ষিত-অর্ধশিক্ষিতদের প্রশিক্ষিত করার উদ্যোগ প্রশংসনীয়। এ প্রশিক্ষণের সঙ্গে ইংরেজি ভাষা সম্পৃক্ত করলে প্রশিক্ষণের মান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক শ্রম বাজারে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
বিদ্যুত্ বিভাগ জানায়, মুজিব বর্ষ উপলক্ষ্যে মোট সাত হাজার জনকে বৈদ্যুতিক কর্মী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম।