বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল শনিবার রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফ-এর আমন্ত্রণে তিন দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস সম্মেলনে (আইপিএসিসি) যোগদান করবেন। এই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে চিফ অব স্টাফ, ইউ এস আর্মি ও ইন্দো-প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে সেনাবাহিনী প্রধান ‘ট্রাস্ট বিল্ডিং এমোঙ্গ ইন্দো-প্যাসিফিক ল্যান্ড ফোর্সেস ফর রিস্ক রিডাকশন: দি এক্সপেরিয়েন্স অব বাংলাদেশ’ বিষয়স্তুর ওপর বক্তব্য উপস্থাপন করবেন। সফর শেষে তিনি আগামী ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন। উল্লেখ্য, ডিজি বিজিবি থাকাকালীন সময়ে সীমান্তবর্তী দেশসমূহের ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সবার মধ্যে তুলে ধরতে তাকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।