সফররত অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী মেরিজ পেইন বলেছেন, তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখবে। মেরিজ পেইন গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন। গতকাল থেকে ঢাকায় শুরু হওয়া ৩য় আইওরা সমুদ্র অর্থনীতি (ব্লুু ইকোনমি) বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগদানের জন্য তিনি ঢাকায় অবস্থান করছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জানান, আমরা চাই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা তাদের নিজ দেশে ফিরে যাক। মেরিজ পেইন প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে সংলাপ করেছি এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছি; কিন্তু চুক্তির বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদেরকে অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, এটা আমাদের জন্য একটি বড়ো বোঝা। ইতিমধ্যেই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ নতুন শিশু জন্মলাভ করেছে। শেখ হাসিনা অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন যে, তার সরকার রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য একটি দ্বীপের উন্নয়ন সাধন করেছে।
ক্রিকেট প্রসঙ্গে কথা হলে মেরিজ পেইন যিনি কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই এই জনপ্রিয় খেলার একজন ভক্ত, তিনি বলেন, তারা চান অস্ট্রেলীয় জাতীয় ক্রিকেট দল আগামী বছর বাংলাদেশ সফর করুক।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জুলিয়া নিবলেট এ সময় উপস্থিত ছিলেন।