১০৪ বছরেও ভাতা পাননি মোরেলগঞ্জের সখিনা বিবি

সখিনা বিবির বয়স ১০৪ বছর হলেও তার ভাগ্যে এখনো জোটেনি কোন ভাতার কার্ড। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের বাসিন্দা।

স্বামী আফেল উদ্দিন মারা গেছেন ১৯৭৩ সালে। ৪ ছেলে মেয়ে যে যার মতো বিভিন্ন শহরে দিনমজুরি খেটে সংসার চালায়। তারাও ঠিকমতো খোঁজ খবর নেয় না। ‘নুন আনতে পান্তা ফুরায়’ এমন এক হতদরিদ্র দুঃসম্পর্কের নাতি সাখাওয়াত শেখের ঘরে কোনমতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে তার।

ভিক্ষাবৃত্তি করা পাপ। সে কারণে তিনি ভিক্ষা করতে নারাজ। পথেঘাটে কেউ স্বেচ্ছায় কিছু দিলে তিনি গ্রহণ করে। তিনি আক্ষেপ করে বলেন, 'শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা রকমের ভাতা দিলেও তার ভাগ্যে এ বয়সেও জোটেনি কোনো ভাতা। কেউ তার কোনো খোঁজ পর্যন্ত নেয়নি।'

বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল বলেন, 'সখিনা বিবি বহু বছর এলাকায় ছিলো না। তার আইডি কার্ড নেই। তাই তাকে বিধবা ভাতা দেওয়া যায়নি। তবে পরিষদে গেলে তাকে চাল দেওয়া হয়।'

আরও পড়ুন: ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ আটক ৩

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, 'বিষয়টি আমার জানা ছিলো না। সখিনা বিবিকে খুজে বের করা হবে। আইডি কার্ড না থাকলে বিকল্প ব্যবস্থায় তাকে সাহায্যের আওতায় আনা হবে।'

ইত্তেফাক/নূহু