কারাবন্দী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার সাঁটানোর সময় বিএনপির তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পল্লবীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দেয়ালে পোস্টার সাঁটানোর সময় তাদের আটক করা হয়।
জানা যায়, ওই দিন গভীর রাতে একটি গলিতে দলের তিনজন আলাদাভাবে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম, নাদিম এবং ইদ্রিস। দলের পক্ষ থেকে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: পাওনা দুইশ টাকা চাওয়ায় প্রাণ গেলো রাজমিস্ত্রির
প্রসঙ্গত, রিজভী বৃহস্পতিবার রাতভর মিরপুর ও পল্লবী এলাকায় ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ উৎকীর্ণ পোস্টার সাঁটিয়েছেন। তার আগের রাতে উত্তরায় তিনি পোস্টারিং করেন।
ইত্তেফাক/অনি