গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিশ্রমিকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ঘুষিতে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ার আলী মণ্ডল (৫৫) ওই গ্রামের মৃত ইমান আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে রাজমিস্ত্রি কাজের পারিশ্রমিক বাবদ ইয়ার আলী মণ্ডল দুইশ টাকা পাওনা ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই মোড়ে মেহেদী আকন্দের দেখা পেয়ে ইয়ার আলী পাওনা দুইশ টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে যৌন হয়রানি ও দুর্নীতির মামলায় ২ বিএনপি নেতা গ্রেফতার
এক পর্যায়ে মেহেদী তাকে ঘুষি মারেন। এতে তিনি সড়কে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি

