সাবেক বিডিআর সদস্যর বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

মেহেরপুরে ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৬৫) একজন প্রাক্তন বিডিআর সদস্য। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শহরের বোসপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটির মা শুক্রবার দুপুরে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

অভিযোগে জানা যায়, শিশুটিকে খেতে দেওয়ার নাম করে বাসায় ডেকে নেন রফিকুল। পরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়। অচেতন হয়ে পড়লে রফিকুল ইসলাম তাকে ধর্ষণ করে। পরে এ কথা কাউকে না বলার জন্য ভয় দেখায়। 

বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জানাজানি হলে এলাকার লোকজন একত্রিত হয়ে রফিকুল ইসলামের বাড়ির সামনে বিক্ষোভ করে। এর আগে ঘটনা টের পেয়ে রফিকুল ইসলাম গা ঢাকা দেন। 

পরে মেহেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তির শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি চেয়ে পোস্টার লাগানোর সময় বিএনপির তিনজন গ্রেফতার

শিশুটির মা জানান, তার বাবা নেই। আমি মানুষের বাড়িতে কাজ করে প্রতিবন্ধী মেয়েকে মানুষ করছি। ওই বিডিআর আমার মেয়ের সর্বনাশ করলো। তার বিচার কে করবে?
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ কুমার রায় জানান, শিশুটির মা শুক্রবার দুপুরে মামলা দায়ের করেছেন। ভিকটিমের জবানবন্দি রেকর্ড করে মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/অনি