গোপালগঞ্জে পিকআপভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে চাকা ফেটে পিকআপ ভ্যান উল্টে মিতুন সরকার (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার  ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতুন সরকার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার রুদ্রগাতী গ্রামের ননী গোপাল সরকারের ছেলে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আতাউর রহমান জানান, বাগেরহাটের ফকিরহাট থেকে পিকআপ ভ্যানে মাছ বোঝাই করে  বিক্রির জন্য ঢাকা যাচ্ছিলেন মিতুন সরকার। ঘটনাস্থলে পিকআপের সামনের চাকা ফেটে যায়। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।  পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে মাছ ব্যবসায়ী মিতুন সরকার ও পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হন।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুন সরকারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রংপুরে মহিলা পার্টির ঝাড়ু মিছিল

পিকআপ চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু