ইতালিতে নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ৬

ইতালির পূর্বাঞ্চলে একটি নাইটক্লাবে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত ও শতাধিক আহত হয়েছে।  কোরিনাল্ডো শহরের ল্যান্টের্না আজ্জুরা ক্লাবে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনার সময় জনপ্রিয় এক শিল্পীর কনসার্ট চলছিল।

হাজারো দর্শকের ওই কনসার্টে মরিচের গুঁড়া স্প্রে করার পরই আতঙ্ক ও হুড়াহুড়ি শুরু হয় বলে ভাষ্য স্থানীয় গণমাধ্যমগুলোর। এরপরই ওই পদদলনের ঘটনা ঘটে। স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি আনকোনা ও সেনেগালিয়া শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, ওইদিন ফেরা এবাস্তা (২৬) নামে এক জনপ্রিয় শিল্পীর সেখানে কনসার্ট চলছিল। লোকজন যখন সেই অনুষ্ঠান উপভোগ করছিলেন তখনই কেউ বা কারা মরিচের গুঁড়া স্প্রে করে। এতে মূহূর্তের মধ্যে লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। আর এতে করেই এ হতাহতের ঘটনা ঘটে।