যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বললেন রুহানি

g আল জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন করে দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি এ নিষেধাজ্ঞাকে ‘অন্যায্য ও অবৈধ’ বলেও আখ্যায়িত করেছেন। শনিবার তেহরানে অনুষ্ঠিত এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তত্পরতা ‘স্পষ্ট’ ছিল, যখন ২০১১ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প। এ যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা জেসিপিওএ নামে পরিচিত।

সম্মেলনে ইরান, চীন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান এবং পাকিস্তানের শীর্ষ আইন কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। এ সময় রুহানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যায্য ও অবৈধ নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদের একটি পরিষ্কার উদাহরণ। তিনি ইরানে বিনিয়োগ থেকে বিরত থাকতে অন্য দেশকে ‘ভয় দেখানোর’ চেষ্টার জন্য ট্রাম্প প্রশাসনকেও অভিযুক্ত করেছেন। এ বছরের মে মাসে পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞার পথ তৈরি করেছে। যা নতুন করে আগস্ট ও নভেম্বরে কার্যকর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রথম পর্ব ইরানের বিমান চালনার পাশাপাশি সোনা ও মুদ্রার লেনদেনকে লক্ষ্য করেছিল। দ্বিতীয় পর্বে দেশটির তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে কঠোর শাস্তি দেওয়ারও নির্দেশনা নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সেসব দেশের প্রতি অধিকার পরিত্যাগের ঘোষণা দিয়েছে যারা ইরান থেকে তেল আমদানি করছে।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণও কমে গেছে। অনেক প্রতিষ্ঠান দেশটিতে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।