অবসরে যাচ্ছেন নবী

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

টানা তিন ওভার মেডেন নিয়ে বোলিং শুরু করলেন মোহাম্মদ নবী। এরপর সৌম্য সরকারের উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন, তার প্রাসঙ্গিকতা এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু আফগানিস্তান দলের অন্যতম সিনিয়র এই অলরাউন্ডার সিদ্ধান্ত নিয়েছেন, আর টেস্ট খেলবেন না। বাংলাদেশের বিপক্ষে চলমান এই টেস্টই হবে বড়ো দৈর্ঘ্যের ফরম্যাটে নবীর শেষ ম্যাচ।

৩৪ বছর বয়সি মোহাম্মদ নবী আফগানিস্তানের হয়ে আর টেস্ট না খেলার সিদ্ধান্তটা দলকে জানিয়ে দিয়েছেন। একটি ইংরেজি সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে দলটির ম্যানেজার নাজিম জার আব্দুররাহমনজাই। তিনি বলেছেন, ‘হ্যাঁ, এই টেস্টের পর নবী অবসর নিতে যাচ্ছে।’

যদিও নবীর এই সিদ্ধান্তের কোনো কারণ তিনি নিজে বা দলের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এটা বোঝা গেছে যে, তিনি সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ার আরো লম্বা করার জন্যই টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন।  আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অন্যতম ভরসার নাম এই নবী।

আফগানিস্তানের খেলা তিনটি টেস্টই খেলেছেন নবী। চট্টগ্রাম টেস্টের আগে আফগানিস্তানের চার ইনিংসে নবীর রান ছিল এমন - ২৪, ০, ০ ও ১। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

২০০৯ সালে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তিনি। এ পর্যন্ত খেলেছেন ১২১টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ। পাশাপাশি ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নবী। ২৫.০১ গড়ে ১২৭৬ রান ও ২৩.১৪ গড়ে ৯০টি উইকেট নিয়েছেন প্রথম শ্রেণির ম্যাচে।