সারা বিশ্বেই এই ধরনের ঘটনা বিরল কিছু নয়। বাংলাদেশেও আগে কয়েকবার দেখা গেছে গ্যালারি থেকে কোনো ভক্তের মাঠে ঢুকে পড়ার দৃশ্য। গতকাল এক সাকিবভক্ত ঢুকে পড়লেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার মধ্যেই। সাকিবকে স্যালুট করে ও ফুল দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ফেলে সেই যুবকের ঠাঁই হয়েছে পুলিশ হেফাজতে।
আফগানিস্তানের ইনিংসের ১০৭ ওভার চলছিল তখন। সাকিব আল হাসান দিনে নিজের প্রথম ওভারের চতুর্থ বল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই গ্যালারির বেষ্টনী টপকে এক যুবক ঢুকে পড়েন মাঠে। দৌড়ে বোলিং প্রান্তে এসে সাকিবকে প্রথমে তারই বিখ্যাত ভঙ্গিতে স্যালুট ঠুকে দেন। এরপর হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে সাকিবকে শুভেচ্ছা জানান। বেশ খানিকটা সময় ধরে চলা এই ঘটনায় এরপর ঐ যুবক জড়িয়ে ধরেন সাকিবকে। তারপরই দুই নিরাপত্তাকর্মীকে ছুটে আসতে দেখা যায়।
বিসিবির সূত্রে জানা গেছে, ঐ যুবককে তারা এরপর পুলিশের হাতে তুলে দিয়েছেন। এর আগে ঢাকায় মাশরাফির সঙ্গে একবার ও সিলেটে মুশফিকের সঙ্গে দুই বার এই ঘটনা ঘটেছে।