চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষটির নাম হয়তো কেউ মনে রাখে না। কিন্তু গুরুত্ব তারও কিছুতেই কম নয়। আসগর আফগান গতকাল সেই দ্বিতীয় মানুষটি হতে যাচ্ছিলেন।
আগের দিন আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছেন রহমত শাহ। গতকাল দ্বিতীয় সেঞ্চুরিয়ান হওয়ার পথে হাঁটছিলেন আসগর আফগান। তরতর করে পৌঁছে গিয়েছিলেন ৯২ রানে। আগের দিন ৮৮ রানে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু গতকাল সকালে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। দিনের প্রথম উইকেট হিসেবে পতন হয় আসগরের। তাইজুলকে উড়িয়ে মারতে গিয়েছিলেন আসগর। আউট হওয়ার আগে ১৭৪ বলে তিনটি চার ও দুইটি ছক্কায় ৯২ রান করে ফেরেন এই সাবেক অধিনায়ক।