আর্জেন্টাইন ক্লাবের দায়িত্বে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক

ঠিকানা পালটালেন ডিয়েগো ম্যারাডোনা। মেক্সিকান ফুটবলে এক মৌসুম কাটানোর পর আর্জেন্টাইন এই কিংবদন্তি আবারও আর্জেন্টিনায় ফিরেছেন ম্যারাডোনা। দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন সুপারলিগের অবনমন অঞ্চলের দল জিমন্যাসিয়ার।

বৃহস্পতিবার ম্যারাডোনাকে দলের কোচ হিসেবে এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করার ব্যাপারটি জানায় আর্জেন্টাইন লিগের ক্লাবটি। গতকাল শুক্রবার দলের নতুন কোচ হিসেবে ক্লাবের সমর্থকদের সামনে উপস্থাপন করা হয় তাকে। আর্জেন্টাইন লিগের গড়পড়তা মধ্যম সারির দল হলেও, চলতি মৌসুমে লিগের শুরুর দিকেই অবনমনের শঙ্কা ভর করে বসেছে জিমন্যাসিয়ার ওপর। পাঁচ ম্যাচে খেলে হেরেছে চারটিতেই। এই দুরবস্থা থেকে উত্তরণেই ম্যারাডোনার দ্বারস্থ হয়েছে ক্লাবটি।

ক্লাবের চাহিদা পূরণে সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন ম্যারাডোনা। বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘অবশেষে এটা আনুষ্ঠানিক হয়েছে। জিমন্যাসিয়ার কোচ হতে পেরে আমি আনন্দিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ক্লাবটির সভাপতি গ্যাব্রিয়েল প্যালেগ্রিনোকে ধন্যবাদ জানাই। আমি ক্লাবের ভক্তদের জানাতে চাই, এল লোবোর (ক্লাবের ডাকনাম) জন্য আমি আমার সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে কাজ করে যাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’