ব্রাজিলে ব্যাংক ডাকাতির চেষ্টা, গুলিতে নিহত ১৪

g রয়টার্স

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতে ছয় জিম্মিসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে সিয়েরা রাজ্যের মিলাগ্রেস শহরে এ ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্যরা দু্টি ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই পাঁচ ডাকাতের মৃত্যু হয়।  পুলিশ জানায়, ডাকাতরা ট্রেইলার ট্রাক দিয়ে স্থানীয় একটি মহাসড়ক আটকে ছয়জনকে জিম্মি করেছিল। গোলাগুলিতে ওই জিম্মিদেরও মৃত্যু হয়। সন্দেহভাজন তিন ডাকাতকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিম্মিদের পাঁচজনই একই পরিবারের সদস্য। তবে  ডাকাতদলের সদস্য সংখ্যা কত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিয়েরা প্রদেশের মিলাগ্রেস সড়কের একটি ব্যাংকের শাখায় ডাকাতদের লক্ষ্য করে পুলিশ গুলি শুরু করলে এ  হতাহতের ঘটনা ঘটে। সন্দেহভাজন ডাকাত দলের পাঁচ সদস্য স্থানীয় সময় মধ্যরাত দুটায় নিহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় আটজনকে আটক করেছে পুলিশ।