জয়ে শুরু বাংলাদেশের যুবাদের

এশিয়া কাপ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি যুব এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে।

কলম্বোয় টসে হেরে আগে ব্যাট করা আরব আমিরাতের যুবদল ২৮ ওভারে ১২৭ রানে অলআউট হয়েছে। ওসামা হাসান সর্বোচ্চ ৫৮, শরাফু ৩৪ রান করেন। বাংলাদেশের বোলিং তোপে দলটির আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব-রকিবুল হাসান তিনটি করে উইকেট নেন। শরীফুল ইসলাম দুটি, মৃত্যুঞ্জয় চৌধুরী একটি উইকেট পান।

জবাবে ২১.৩ ওভারে ৪ উইকেটে ১২৮ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা। তানজিদ হাসান ৪৫, পারভেজ হোসেন ইমন ৩০, মাহমুদুল হাসান জয় অপরাজিত ২৭, তৌহিদ হূদয় ১৮ ও অধিনায়ক আকবর আলী অপরাজিত ৫ রান করেন। আমিরাতের পক্ষে মুখার্জি দুটি, শর্মা-মেয়াপ্পান একটি করে উইকেট নেন। ১৪১ বল আগে আসা জয়ের ম্যাচে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ম্যাচ সেরা হন।

উল্লেখ্য, আগামীকাল (৮ সেপ্টেম্বর) নেপাল ও ১০ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ যুবদল।