দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
উত্তর ফটিকছড়ির পানুয়া খালের ওপর ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে পানুয়া গ্রামসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। পানুয়া জামে মসজিদ ও ভুঁইয়া বাড়ির পাশে খালের ওপর স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে বর্তমানে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা।
পানুয়া, মোহাম্মদপুর, নয়দোলংসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের নিত্য চলাচল ঐ সাঁকো দিয়ে। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর ওপর দিয়ে পারাপার হতে স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে নারী ও বিদ্যালয়গামী শিশুদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া প্রতি বছর বর্ষায় পাহাড়ি ঢলে বাঁশের সাঁকোটি ভাসিয়ে নিয়ে যায়। ঐসময় এসব গ্রামের মানুষ খাল পারাপার করতে না পেরে পানিবন্দি হয়ে পড়ে।
মোহাম্মদপুর গ্রামের আহমদ কবীর, পানুয়া গ্রামের দুলাল মিয়া, ফরিদ ড্রাইভার এ প্রতিবেদককে জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঐ গ্রামগুলোর মানুষের ভরসা বাঁশের সাঁকো। তখন থেকেই জনপ্রতিনিধিদের কাছে এ খালে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু ভোটের আগে জনপ্রতিনিধিরা এখানে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোটের পরে আর কথা রাখে না। তারা এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য সরকারের ওপর মহলের সুদৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে বাগানবাজার ইউপি চেয়ারম্যান মো. রুস্তম আলী জানান, ঐ স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান তিনি।