পাহাড় কেটে নির্মাণ করা তিনটি ঘর উচ্ছেদ

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর উত্তর পাহাড়তলী আদর্শ গ্রাম (২) আশ্রয়ণ প্রকল্প এলাকায় পাহাড়ি জায়গা দখল করে গৃহ নির্মাণ করায় অভিযান পরিচালনা করে তিনটি বসতঘর উচ্ছেদ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। দখলকৃত জায়গার মালিক জসিম বলেন, আমার বাড়ি কক্সবাজার জেলাতে। পাঁচ/ছয় বছর আগে এখানে এসেছি। বসবাস করার মতো কোনো জায়গা না থাকায় পাহাড়ে গৃহ নির্মাণ করি পরিবার নিয়ে বসবাস করার জন্য।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা জানান, সরকারি জায়গা দখল ও পাহাড় কেটে গৃহ নির্মাণের অভিযোগে তিনটি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। দখলকৃত ব্যক্তিদের কাল সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।