আদালতে মা ও ছেলের স্বীকারোক্তি

নোয়াখালীতে উত্ত্যক্ত করায় খুন

নোয়াখালী প্রতিনিধি

জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের চা দোকানি শাহ আলমকে (৬০) হত্যা করার কথা স্বীকার করে বৃহস্পতিবার দুপরে একই আদালতে জবানবন্দি দিয়েছেন ইয়াসমিন আক্তার ও তার ছেলে ইয়াছিন আরাফাত শুভ। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শোয়েব উদ্দিন খান ও মো. মুশফিকুল হক ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। বিকালে পুলিশ সুপারের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।

হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চা দোকানি শাহ আলমকে তার বাড়ি থেকে অজ্ঞাত মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন বুধবার সকাল ১১টার দিকে শাহ আলমের মরদেহ তার গ্রামের একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে এর রহস্য উদ্ঘাটনের পর একই গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৮) ও তার ছেলে ইয়াছিন আরাফাত শুভকে (২১) ঐদিন দিবাগত রাত ১১টার দিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আরো বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, নিহত শাহ আলম প্রায়ই মোবাইল ফোনে ইয়াসমিন আক্তারকে উত্ত্যক্ত করত। বিষয়টি টের পেয়ে ইয়াসমিনের ছেলে শুভ শাহ আলমকে সতর্ক করলেও সে না শোনায় তাকে শায়েস্তা করার পরিকল্পনা করে তারা। মামলার তদন্তের স্বার্থে এ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অপর আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।