সুন্দরবনে ছয়টি বিশেষ পর্যটনকেন্দ্র নির্মাণের কাজ শুরু ---------------------পর্যটন সচিব

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন সন্নিহিত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার লোকালয়ে দুটি করে সর্বমোট ছয়টি বিশেষ পর্যটনকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে পর্যটন মন্ত্রণালয়। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে দেশি-বিদেশি ইকো-ট্যুরিস্টদের (প্রতিবেশ পর্যটক) সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের করতে বিশেষ পর্যটনকেন্দ্রগুলো নির্মাণ করা হচ্ছে। এই ছয়টি বিশেষ কেন্দ্রের জন্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে। ২০২২ সালে এসব পর্যটনকেন্দ্রের কাজ শেষ হবে। বিশেষ পর্যটনকেন্দ্রগুলোর স্থান সরেজমিনে ঘুরে শুক্রবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, চেম্বার প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ তাদের মতামত সচিবের কাছে তুলে ধরেন।