কুমিল্লা প্রতিনিধি
‘রক্তে কেনা বাংলায়, মাদক-জঙ্গির ঠাঁই নাই’—এ স্লোগানে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণে কুমিল্লায় আন্তঃবিশ্ববিদ্যালয় মাদক ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উত্সবের উদ্বোধন করা হয়েছে। ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের আয়োজনে ও কুমিল্লা জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামের সামনে দুই দিনব্যাপী এ উত্সবের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈন উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান প্রমুখ। এতে ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, শিক্ষক, বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।