রাশিয়ায় মোদি-মাহাথির বৈঠক

জাকির নায়েকের বহিঃসমর্পণ নিয়ে আলোচনা

রাশিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে মিলিত হন এ দুই নেতা। সে সময় মালয়েশিয়ায় অবস্থানরত বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বহিঃসমর্পণ বিষয়ে আলোচনা হয়। অর্থ পাচারসহ বেশ কয়েকটি মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে দেশে ফেরাতে চায় ভারত। খবর ইন্ডিয়া টুডের

ভারতের আদালতে অর্থ পাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মাহাথির এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত করেছে সেখানকার কর্তৃপক্ষ। মাহাথির বলেছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে দেশটির কয়েকটি রাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে চাইছে দেশটি। গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি।

রাশিয়ায় মাহাথিরের সঙ্গে ওই পার্শ্ববৈঠকে জাকির নায়েকের বহিঃসমর্পণের বিষয়টি তুলে ধরেন ভারতীয় প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রসচিব বিজয় গোখলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশই একমত হয়েছে যে, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি বলেন, মোদি বিষয়টি আলোচনায় তুললে মাহাথির ইতিবাচকভাবে নিয়েছেন। তবে দুই নেতার মধ্যে জাকির নায়েকের প্রত্যর্পণ বিষয়ে কোনো চুক্তি হয়নি। বিজয় গোখলে বলেন, সন্ত্রাসবাদ বিষয়েও মোদি ও মাহাথিরের মধ্যে আলোচনা হয়েছে। সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান মাহাথির। তিনি বলেন, তার দেশ সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় সন্ত্রাসবাদ মোকাবিলায় এ দুই নেতা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তারা।