শাহজাদপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে খেলোয়াড়সহ ২০ জন আহত হয়েছে। আহতদের নাম জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল বারি (১৮), রুবেল (১৭) ও রতন (১৮) নামে এ তিন জনকে আটক করেছে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার বিকালে শাহজাদপুর পৌরসদর-শাহজাদপুর সরকারি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায়—পোতাজিয়া হাইস্কুল ও চিথুলিয়া রাবেয়া নজিবর উচ্চ বিদ্যালয় ফুটবল খেলায় অংশ নেয়। একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে দুইদলের খেলোয়াড়রা  হাতাহাতিতে জড়িয়ে পরে। এ সময় মাঠের বাইরের দর্শক ও দুই দলের সমর্থকরাও  খেলার মাঠে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছোটাছুটিতে খেলোয়াড় ছাড়াও  প্রায় ২০ জন আহত হয়। এ সময় পুলিশ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পোতাজিয়া হাইস্কুল ও চিথুলিয়া রাবেয়া নজিবর উচ্চ বিদ্যালয়কে এ টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরো জানান, শাহজাদপুর উপজেলার প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান নকআউট পদ্ধতিতে  বুধবার থেকে দুইটি ভেন্যুতে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ মাসের ১০ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ফুটবল ছাড়াও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাঁতার, কাবাডি, হ্যান্ডবল  প্রতিযোগিতায় অংশ নেবে।