জনগণের মন জয় করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে -----------মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জনগণের মন জয় করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। গতকাল শুক্রবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুরে মোহাম্মদ নাসিম তার শ্বশুরের নামে খোরশেদ আলম স্মৃতি জামে মসজিদ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে। কেউ আর অন্ধকারের দিকে ফিরে যাবে না। শেখ হাসিনা এ দেশের মানুষকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিয়েছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান এদেশে হবে না।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির মহাসচিব অক্টোবর থেকে আন্দোলন শুরু করবেন বলেছেন। এটা কোন বছরের অক্টোবর, সেটি নিয়েও প্রশ্ন রেখেছে অনেকে। কারণ, তারা গত ১০ বছর ধরে বলে আসছেন, ঈদ, শীত, গরম, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন করবেন। এমন অনেকবার বিএনপির আন্দোলনের তারিখ দেখেছি। কিন্তু তাদের পক্ষে কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি। মসজিদ উদ্বোধনকালে মোহাম্মদ নাসিমের পত্নী মিসেস লায়লা আঞ্জুমান্দ, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভির শাকিল জয়, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিত্ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।