রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিন

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার চীনের  নানজিংয়ে হোটেল শাংরি-লাতে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির ব্যুরো অফ ইন্টারন্যাশনাল বিভাগের মহাপরিচালক সান হাইয়ানের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেন, ‘চীনের কাছে এটি আমাদের বিনীত অনুরোধ।’ বাংলাদেশে প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে।

চীনে আওয়ামী লীগের ২০ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবদুল মতিন খসরু। তিনি আইডিসিপিসির মহাপরিচালককে বলেন, যদি বেইজিং চাপ দেয়, তবেই মিয়ানমার সরকার এই সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবে। তিনি বলেন, ‘এটি (রোহিঙ্গা সমস্যা) দ্বিপক্ষীয় ইস্যু নয়, একটি আন্তর্জাতিক সমস্যা, এটি একটি মানবিক সমস্যাও।’ তিনি আরো বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা এখন কক্সবাজারে স্থানীয় জনগণের চেয়ে অনেক বেশি। যেখানে চার লাখ স্থানীয় জনসংখ্যার বিপরীতে ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

আবদুল মতিন খসরু অভিযোগ করেন যে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার মোটেও আন্তরিক নয়। বাংলাদেশের অনুরোধের জবাবে আইডিপিসির মহাপরিচালক বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ঢাকাকে সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, আমরা আমাদের কথা ও প্রতিশ্রুতি রক্ষা করব। আমরা আশা করি, বাংলাদেশ এবং মিয়ানমার উভয়ই সঠিক দ্বিপক্ষীয় পরামর্শের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবে। সান বলেন, তারা আত্মবিশ্বাসী যে, রোহিঙ্গা সমস্যা শিগগিরই সমাধানের দিকে এগিয়ে যাবে। চীন সরকার এর আগে গত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে যে অভিনন্দন জানিয়েছিল, সেটি উল্লেখ করে সান বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের সাফল্য দেখে তারা আনন্দিত। বিশেষ করে বাংলাদেশ বিশ্বের শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য।

বাংলাদেশ ‘এক-চীন নীতি’ সমর্থন করে উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বাংলাদেশের অবকাঠামো, আইসিটি, শিক্ষা, কৃষি, কারিগরি শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরো বেশি চীনা সহায়তার আহ্বান জানান। তিনি চীনা ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরো বেশি চীনা বিনিয়োগের অনুরোধ জানান।