বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রূপপুরের বালিশকে হার মানিয়েছে ফরিদপুরের ৩৭ লাখ টাকা দামের একটি পর্দা। দুর্নীতিতে আজ বালিশ হেরে গেছে পর্দার কাছে। এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা। তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো ব্যাংক দিয়েছে সরকার। আজ সব ব্যাংক মুখ থুবড়ে পড়ে আছে। পত্রিকায় আছে, অর্থমন্ত্রী বলেছেন, হলমার্ককে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাত্ লুটেরাদের আবার অর্থনীতিতে নিয়ে আসা হবে।
গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমানের সময় সামষ্টিক অর্থনীতি সবচেয়ে ভালো ছিল। তিনি কথায় কথায় ব্যাংক দেননি।
তিনি বলেন, সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন। দেশকে ভালোবাসতেন। সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সাইফুর রহমানের ছেলে নাসের রহমান প্রমুখ। স্মরণসভা সঞ্চালনা করেন বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী।