চট্টগ্রাম থেকে ভিসার আবেদন করতে ঢাকায় যাওয়ার পথে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে নগরীর মনসুরাবাদ অফিসে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।
তুরস্কের ভিসার আবেদন করার জন্য গত বৃহস্পতিবার রাতে ঢাকায় যাওয়ার সময় নগরীর আকবর শাহ থানার সিডিএ ১ নম্বর সড়ক থেকে তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা হলেন মো. ইউসুফ, মো. মুসা ও মো. আজিজ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বাড়ি মিয়ানমারের মংডু জেলায়। তারা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা। তারা দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছিলেন। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়েছে।
আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সিডিএ ১ নম্বর সড়কে সন্দেহজনক গতিবিধি দেখে তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা তিনজনই নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। পাসপোর্টে তারা নোয়াখালীর ঠিকানা দেখিয়েছেন। তুরস্কের ভিসা আবেদনের জন্য তারা ঢাকায় যাচ্ছিলেন।
এদিকে নগরীর মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। গত বৃহস্পতিবার পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করে ডাবলমুরিং থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। শফিউল হাই নামের ওই রোহিঙ্গা যুবক ফটিকছড়ির ফতেপুর ইউনিয়নের বজলুর রহমানের ছেলে সেজে পাসপোর্ট করাতে এসেছিলেন বলে জানা গেছে।
মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ ইত্তেফাককে জানান, ওই যুবক পরিচয় লুকিয়ে পাসপোর্ট করাতে এলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশি সেজে কর্মকর্তাদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি সবকিছু স্বীকার করতে বাধ্য হন।