খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনায় টিপু শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়েহত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টিপু শেখ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে কুপিয়ে তার এক পা বিচ্ছিন্ন ও অপর পা অর্ধেক বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।

খুলনা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, টিপু শেখ বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টিপু শেখ পদ্মবিলা গ্রামের সোনাউল্লাহর ছেলে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।

দিঘলিয়া থানার ওসি মানস চন্দ্র দাস বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।