ধামরাইয়ে নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে বংশী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো গাজীপুর জেলার কাশিমপুর থানার রাসেল হোসেনের ছেলে শিবলু (১২) এবং নাছির ইসলামের ছেলে ফুয়াদ (৯)। তারা পরস্পর চাচাতো ভাই। তারা গাজীপুর থেকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর রাজাপুর গ্রামে নানিবাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।

নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার দুপুরের দিকে বাবার সঙ্গে তারা নদীতে গোসল করতে যায়। হঠাত্ দুই ভাই স্রোতের টানে ভেসে যায়। আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় একজনকে উদ্ধার করে। কিছুক্ষণ পরে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।