গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় ছয় বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানেরই এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। শিশুটি স্থানীয় আদর্শ শিশু কানন কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্রী। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খানকে (২০) গ্রেফতার করেছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, গত ৩১ আগস্ট সকালে স্কুলে গেলে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন শিশুটিকে শ্রেণিকক্ষ থেকে ডেকে অফিসে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটি চিত্কার দিলে আনোয়ার তার মুখ চেপে ধরে। শিশুটি পরে বাসায় এসে কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। তিনি শিশুটিকে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়ার পর বৃহস্পতিবার থানায় গিয়ে এজাহার দায়ের করেন। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। চিকিত্সা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।