উপজেলার পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার সকালে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ আজাদ। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আইন উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মহম্মদ আলী বদু, আব্দুল মালেক, সাইফুল ইসলাম, মো. রায়হান উদ্দিন, মো. নাজমুল ইসলাম মতিনসহ অন্যরা।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩১ আগস্ট পাবুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরপরই সন্ত্রাসীরা ঐ স্কুলের প্রধান শিক্ষক লোকমান হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিত্সাধীন রয়েছেন।
এ ঘটনায় কাপাসিয়া থানায় মামলা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়। একই দাবিতে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার নিকট একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।