তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোবটের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন ঘটবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে দুইদিনব্যাপী এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
আগামীবারের আয়োজনে প্রয়োজনীয় সহায়তা তথ্য প্রযুক্তি বিভাগ থেকে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘গত বছর আমরা দ্বিতীয়বারের মতো অংশ নিয়েই স্বর্ণপদক জিতেছি। এটা ধরে রাখতে হবে’। পলক বলেন, ‘আমরা চাই আগামী বছর এটি ৬৪ জেলাতেই আয়োজন করতে। এর জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।’ এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক রোবটিক্স ল্যাব প্রতিষ্ঠার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে রোবট অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বিশেষ অতিথি ছিলেন। এছাড়া রোবট অলিম্পিয়াডের প্রধান সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য, সারাদেশের বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। (ছবি পৃষ্ঠা—৩)