নর্থ ক্যারোলিনায় ডোরিয়ানের আঘাত, বাড়ি-ঘর বিধ্বস্ত

হারিকেন ডোরিয়ান যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আঘাত হেনেছে। বুধবার রাতে ১১০ মাইল গতিবেগে এই ঝড় আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ৭ লাখ মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়বে বলে আশংকা করা হচ্ছে। রাজ্যে প্রচন্ড বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। অনেক বাড়ি-ঘর তলিয়ে গেছে। খবর সিএনএন ও ডেইলি মেইলের

ডোরিয়ান গতকাল ক্যাটাগরি-১ এ নেমে আসে। তবে এর প্রভাবে ক্যাপ হেত্তেরাস ও নর্থ ক্যারোলিনায় প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। ডোরিয়ানের কারণে কংগ্রেসের বিশেষ নির্বাচনের আগাম ভোটও পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের নির্বাচনী বোর্ডের প্রধান ব্রিনসন বেল জানিয়েছেন, ঝড়ের কারণে ভোট স্থগিত করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নর্থ ক্যারোলিনার উপকূলীয় এলাকায় ঝড়ের গতিবেগ ছিল অনেক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ উপড়ে গেছে। বন্যার কারণে শত শত মানুষ বাড়িতে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে। নর্থ ক্যারোলিনার গভর্ণর রায় কুপার ঝড়ের গতিবেগের কারণে উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষ হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

গতকাল সকালে ডোরিয়ানের প্রভাবে বাতাসের গতিবেগ ছিল ৯০ মাইল। ডিউক এনার্জি নামের একটি সংস্থা জানিয়েছেন, নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনায় আগামী কয়েকদিন ধরে ৭ লাখ মানুষকে বিদ্যুত্হীন অবস্থায় কাটাতে হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে ডোরিয়ান নিউ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বে এবং শনিবার সকালে নোভা স্কোটিয়ায় আঘাত হানতে পারে।