হংকংয়ে টিয়ার গ্যাস, রাবার বুলেটে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

হংকংয়ে প্রত্যর্পন বিল প্রত্যাহার করে নেওয়ার পরও গতকাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জনসংখ্যা অধ্যুষিত কোলুন উপদ্বীপের সাবওয়ে স্টেশনের বাইরে গতকাল বিক্ষোভকারীরা জড়ো হন। তারা স্টেশনের ভেতরে প্রবেশ করতে ধাতব পদার্থের জানালা ভাঙচুর করেন। দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। বিক্ষোভকারীরা মুখোশ, কালো পোশাক পরে আসে। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। টিয়ার গ্যাস থেকে রক্ষায় তারা ছাতা ব্যবহার করেন। গত সপ্তাহে হংকংয়ে প্রধান নির্বাহী ক্যারি ল্যাম প্রত্যপর্ণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের পরও বিক্ষোভ থামছে না। তারা বলছেন, এতে অনেক দেরি করে ফেলেছে সরকার। তারা তাদের অন্যান্য চার দাবিও মেনে নিতে আহবান জানান। ক্যারি ল্যাম জানিয়েছে, হংকংকে শান্ত করতে সমর্থন দিচ্ছে বেইজিং। আর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, হংকংয়ের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। -রয়টার্স ও বিবিসি