যশোরের চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ওয়াদুদ হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুদপদাহ ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। এদিকে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীর মৃত্যু শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
চৌগাছা হাসপাতাল সূত্রে জানা যায়, ২৪ আগস্ট তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি হন। ২৬ আগস্ট তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ওয়াদুদের ছোটভাই ইমদাদুল হক জানান, যশোর মেডিকেল থেকে ২৭ আগস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন। ১ সেপ্টেম্বর সেখান থেকে রিলিজ দিলে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আসার পর তিনি আবারো প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে যশোর কুইন্স হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ২ সেপ্টেম্বর তাকে রাজধানীর মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে ভর্তি থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যার পর চিকত্সকরা রোগীর স্বজনদের ডেকে বলেন, আপনাদের রোগীর অবস্থা ভাল নয়। রোগীর ব্রেনে রক্ত জমে গেছে। আপনারা তাকে বাড়ি নিয়ে যান। অথবা কোথাও অক্সিজেন দিয়ে রাখতে পারেন। পরে বাড়ি ফিরিয়ে আনলে শনিবার সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়। এদিন দুপুরে বেলা ১১ টার দিকে পারিবারিক কবরস্থানে ওয়াদুদকে দাফন করা হয়েছে। স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম