আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে। তাই তাদের নেতাকর্মীরা বিক্ষোভ করছে। যতদিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তায় ততই ভাটা পড়ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আইন অনুযায়ী ২ বছরের অধিক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না। তিনি গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটার হাটে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক, সারাদেশে এখন নৌকার জোয়ার বইছে। মন্ত্রিসভা সম্পর্কে তিনি বলেন, মন্ত্রিসভার আকার ছোট বা বড় কি ধরনের হবে, তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে টেকনোক্র্যাট মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর তা গৃহীত হবে।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ঠিকই আছে। ব্যারিস্টার মওদুদ আহমদ গত কয়েকদিন ধরে নেতাকর্মী নিয়ে এ এলাকায় গণসংযোগ করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। মওদুদ সাহেবের কোনো জনপ্রিয়তা নেই। তিনি জনগণের কাছে কিভাবে ভোট চাইবেন। গত ২২ বছরে উল্লেখযোগ্য ২২টি কাজও তিনি করে দেখাতে পারেননি। তারা তাদের গণসংযোগে নিজেরা বোমা ফাটিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছেন। তারা নিজেরা যে কোনো ঘটনা ঘটিয়ে এর দায় আওয়ামী লীগের ওপর চাপাতে পারে। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আমাদের সরকার নোয়াখালী-৫ আসনের ৯৩ ভাগ এলাকায় বিদ্যুত্ সংযোগ প্রদান করেছে। বাটইয়া ইউনিয়নে শতভাগ বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলের মানুষের চিকিত্সা সেবা নিশ্চিত করার জন্য শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল খনন করে এ এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বামনী ক্লোজারের কাজ মওদুদ আহমদ ২২ বছরেও করতে পারেননি। এ সরকার ক্ষমতায় আসার পর মুছাপুর ক্লোজারের কাজ শেষ করে এ এলাকার জনগণকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. এ.কে.এম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদের সদস্য আলাবক্স টিটু, বাটইয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন আলা উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহের বাদল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন শাহীন প্রমুখ।
এর আগে সেতুমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, বিজয়ের মাসে নৌকার জয় অবশ্যই হবে। আপিলে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ বিষয়ে মির্জা ফখরুলের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ গণতান্ত্রিক মানসিকতা যেন সব সময় অটুট থাকে। এরপর যেন, নিন্দা জানানো না হয়। নির্বাচন কমিশনারের যেন আর পদত্যাগ না চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন, বসুরাহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।