ঢাকায় ফিরেছেন ম্যাকেঞ্জি

সীমিত ওভারের ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ঢাকায় ফিরেছেন। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে গতকাল সকালে ঢাকায় এসেছেন এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার। লম্বা ছুটি কাটিয়ে ফিরলেন ম্যাকেঞ্জি। বিশ্বকাপের পর থেকে ছুটিতে ছিলেন তিনি। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দলের সঙ্গে ছিলেন না ম্যাকেঞ্জি। ওয়ালশ, যোশিরা বিদায় নিলেও বিশ্বকাপের পর ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তি নবায়ন করেছিল বিসিবি। বাংলাদেশ জাতীয় দল এখন চট্টগ্রামে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট চলছে চট্টগ্রামে। টেস্ট দলের সবাই থাকবেন না আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজের দলে। বাংলাদেশের টি-২০ দলটা এখনও ঘোষণা হয়নি। তারপরও টি-২০ দলের সম্ভাব্য কিছু ক্রিকেটার এখন ঢাকায় অবস্থান করছেন। আজ থেকে মিরপুরে তাদেরকে নিয়ে অনুশীলন পরিচালনা করবেন ম্যাকেঞ্জি। মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনরা অনুশীলন করবেন ম্যাকেঞ্জির তত্ত্বাবধানে।