প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। হয়ে গেছেন আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। সেই রহমত শাহই দ্বিতীয় ইনিংসে পড়লেন লজ্জায়। প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে গেলেন এই আফগান ব্যাটসম্যান। তবে রহমত স্বস্তি পেতে পারেন এই ভেবে যে, এই কীর্তি তার আগে ছিলো ডব্লিউ জি গেসের একার।
টেস্ট খেলুড়ে দেশগুলোর হয়ে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড়দের অভিজাত একটা তালিকা আছে। সেই তালিকায় ব্যানারম্যান, বুলবুল, গ্রেসের পাশে আছে রহমতের নাম। কিন্তু ডব্লিউ জি গ্রেস ও রহমত ছাড়া আর কেউ ঐ সেঞ্চুরির ম্যাচেই শূন্য রানে আউট হননি। গ্রেস প্রথম ইনিংসে ১৫২ করার পর দ্বিতীয় ইনিংসে শূন্য করেছিলেন।
প্রথম সেঞ্চুরির পাশে এছাড়া এক অঙ্কে আউট হয়েছেন সিনক্লিয়ার (৪), ব্যানারম্যান (৪) এবং বুলবুল (৬)। সেঞ্চুরির পাশে সবচেয়ে বড়ো ইনিংস খেলেছিলেন ডেম্পসটার। তিনি দ্বিতীয় ইনিংসে ৮০ রানে অপরাজিত ছিলেন।