গর্জনিয়া বা নাইক্ষ্যংছড়ি ইউনিয়নে ফায়ার সার্ভিস অফিস প্রয়োজন

কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে গর্জনিয়া বাজার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার, যদিও গর্জনিয়ায় আসতে নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড় পেরিয়ে আসতে হয়। গর্জনিয়া-কচ্ছপিয়া এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় আগুন লাগলে রামু বা কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। যার প্রমাণ গত ৩ সেপ্টেম্বর রাতে গর্জনিয়া বাজারে আগুন লেগে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে। গর্জনিয়া বাজারে প্রতি বছর আগুন লাগে, বাজারটি বড় হওয়ায় কোনো না কোনো দুর্ঘটনা লেগেই থাকে, গত সোমবার রাতে তাজা দুটি প্রাণ ঝরে গেল, এর দায় আসলে কার? গর্জনিয়ার এক কিলোমিটারের মধ্যে অথবা নাইক্ষ্যংছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা হলে এই এলাকার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরিফ ইকবাল নূর

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়