ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার প্রতিষ্ঠানটির শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে গত শুক্রবার বিক্ষোভ করেছিল তারা। শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করে। বিকাল পর্যন্ত বিক্ষোভ চলে। শিক্ষক হাসনা হেনার মুক্তি না হলে তারা আজ রবিবার থেকে ক্লাস বয়কট করবে বলে ঘোষণা দিয়েছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলে, অরিত্রী আমাদের বোন, আর হাসনা হেনা ম্যাম আমাদের মা। অরিত্রী আত্মহত্যা করেছে, এই বেদনা আমাদের বুকে, আমরা ভুলতে পারছি না। এখন আমাদের মাকে জেলে নিয়ে বন্দি করে রাখা হয়েছে, সেটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ কারণে আমরা ক্লাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। যতদিন আমাদের মাকে ক্লাসে ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন আমরা ক্লাস বয়কট করে আন্দোলন চালিয়ে যাব।
একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া মাহমুদ মৃত্তিকা বলে, সিসিটিভি ও অন্যান্য সকল কিছুতে হাসনা হেনা আপার সংশ্লিষ্টতা দেখা যায়নি। তারপরও যাদের মূল আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতার না করে হাসনা হেনা আপাকে গ্রেফতার করা হয়েছে।