ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে শিশুদের নিউমোনিয়া, ব্রংকাইটিসসহ শ্বাসযন্ত্রের রোগের ব্যাপক প্রকোপ শুরু হয়েছে। এক মাস বয়স থেকে দুই বছর বয়সের শিশু এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই আক্রান্ত শিশুদের সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আনা হচ্ছে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, আবহাওয়া পরিবর্তনের আগে শিশুদের শ্বাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এজন্য মায়েদের সতর্ক থাকতে হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড আছে আটটি। গতকাল শনিবার এ ওয়ার্ডে ১০৬ জন শিশু রোগী ভর্তি ছিল। ওয়ার্ডের মেঝে, হাসপাতালের করিডোরে শিশু রোগী গিজগিজ করতে দেখা যায়। রোগীদের সঙ্গে আসা মা ও স্বজনদের ভিড়ে এ ওয়ার্ডে পা ফেলার জায়গা নেই। ভর্তিকৃত রোগীদের চিকিত্সাসেবা দিতে নার্স ও ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন গড়ে ৩০০ থেকে সাড়ে ৩০০ শিশু রোগীকে চিকিত্সার জন্য মায়েরা সদর হাসপাতালে নিয়ে আসছেন। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আইয়ুব আলি জানান, সপ্তাহ দুই হলো শিশুদের নিউমোনিয়া, ব্রংকাইটিসসহ শ্বাসযন্ত্রের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাদের চিকিত্সা দিতে ডাক্তার-নার্স হিমশিম খাচ্ছেন। তবুও তারা শিশুদের চিকিত্সা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছেন।