শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শ্রীবরদীর সীমান্ত এলাকা থেকে ভারতের আসাম রাজ্যের এক নাগরিকসহ দুই জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খারামোরা গ্রামের ভারতীয় সীমানা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো—ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা জেলার মানকেরচর থানার কাকড়িমারার শঠিমারী গ্রামের খলিল মিয়ার ছেলে মফিজল হক (৩০) ও খারামোরা গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন মিয়া (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ ব্যাপারে তাওয়াকোচা বিজিবি ক্যাম্প কমান্ডার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনসহ পৃথক তিনটি মামলা হয়েছে। আটককৃতদের বিকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।