জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ থানা চত্বর ছাড়াও জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে শনিবার পুলিশের অভিযোগ বাক্স উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঐ অভিযোগ বাক্সের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সদর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) রাইহান ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারারোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, এ বাক্সে পুলিশসহ যেকোনো বিষয়ে নাম ছাড়াই অভিযোগ দেওয়া যাবে। চাবি থাকবে পুলিশ সুপারের কাছে। সপ্তাহে একবার ঐ বাক্স খোলা হবে এবং প্রাপ্ত অভিযোগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।